শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিপুল ভোটে জয়লাভ করায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদসস্য ও নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরীকে শেরপুরের নালিতাবাড়ীতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের দলী কার্যালয় সূত্রে জানা গেছে,জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী শেরপুর -২ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সপ্তমবার দলীয় মনোনয়ন পান। মতিয়া চৌধুরী এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি নৌকা প্রতীকে দুই উপজেলায় ১৫৪টি কেন্দ্রে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।
বিপুল ভোটে বিজয় লাভ করার পর প্রথমে আজ সোমবার বিকেলে মতিয়া চৌধুরী নকলা থেকে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হন। এসময় উপজেলা আওয়ামী লীগ,নালিতাবাড়ী পৌরসভা,শহর ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতিয়া চৌধুরীকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে মতিয়া চৌধুরী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

ওইসময় উপজেলা আওয়ামীলীর সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার ও শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, মতিয়া আপা নির্বাচিত হয়ে দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দলীয় কার্যালয়ে এসেছিলেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও এসময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চান।









