নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো শেরপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দ-উৎসবের মধ্যদিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিতভাবে ওই বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এরপর তিনি শেরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। ওইসময় তিনি বলেন, প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই নতুন বই হাতে পাচ্ছে। বছরের প্রথম দিন বই উৎসবে শেরপুরের প্রায় ৪ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছেছে।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এ বছর প্রাথমিকের কোন বই ঘাটতি নেই। প্রথম দিনই আমরা সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে পেরেছি। একই সাথে ইংরেজি ভার্সন ও নৃতাত্বিক জনগোষ্ঠীর নিজ ভাষায় চাহিদা মোতাবেক বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে।

এদিকে জেলার ১৮১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষে প্রায় ১লাখ ৯০ হাজার শিক্ষার্থীর জন্য ২২লাখ বইয়ের চাহিদা পাঠানো হয়েছিলো। তবে চাহিদা থাকলেও ৬ লাখ বই ঘাটতি রয়েছে মাধ্যমিকে। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, মাধ্যমিকের ২২ লাখের চাহিদার মধ্যে ১৬ লাখের কিছু বেশি বই এসে পৌঁছেছে। চাহিদা অনুযায়ী প্রতিটি উপজেলায় বই পাঠানো হচ্ছে। খুব দ্রুত চাহিদা অনুযায়ী বই পৌঁছানো সম্ভব হবে।
এদিকে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।









