‘কমিউনিটির আমন্ত্রণ এইডস্ হবে নিয়ন্ত্রণ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। ওইসময় তিনি বলেন, এইডস সম্পর্কে সকলকে জানতে হবে এবং এর প্রতিকার সম্পর্কে সকলকে বুঝতে হবে। এইডস একটি মারাত্নক রোগ, এটা ছোঁয়াচে না হলেও এইডস জীবন খুব কষ্টের।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন ও জেলা বিএমএ’র সভাপতি ডা. এম.এ বারেক তোতা।

অনুষ্ঠানের শুরুতে এইডসের বিভিন্ন কারণ এবং প্রতিষেধক সম্পর্কে গুরুত্ব তুলে ধরে তথ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আছাদুজ্জামান, জেলা নাটাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মোরাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক প্রতিনিধি ডা. সঞ্জিত কুমার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল কবীর সুমনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।









