চাপ সৃষ্টি করলে বিএনপির আরও অনেক নেতা নির্বাচনে আসতো বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ সৃষ্টি করছে না। বুধবার সচিবালয়ে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা আজ দেখলাম আরেকটা জোট করে নির্বাচনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ওই জোটে আরও অনেক বিএনপির সাবেক নেতাকে আমরা দেখছি।
হাছান মাহমুদ বলেন, বিএনপির এ অপরাজনীতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন। তারা এই ধ্বংসাত্মক রাজনীতির সহযাত্রী হতে চান না বিধায় বা এ জ্বালাও-পোড়াওয়ের বদনামটা তাদের ঘাড়ে যেন না পড়ে, সেজন্য এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যই তারা বেরিয়ে এসে নতুন জোট করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বলে আমি মনে করি।

মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী ব্রিফিংয়ে জানিয়েছে, গাড়িতে যারা আগুন দিচ্ছে তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ও এই ফুটেজ তাদের নেতা-নেত্রীদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই অর্থায়ন কারা করছে এবং কারা এই নেতা-নেত্রী জানতে চাইলে মন্ত্রী বলেন, যাদের ধরা হয়েছে এবং যারা এই জবানবন্দি দিয়েছে প্রত্যেকেই বিএনপির নেতা। একজন ওয়ার্ড বিএনপির সভাপতিও আছেন সেখানে।
তিনি বলেন, এটি কী জঘন্য, ন্যক্কারজনক, ঘৃণ্য যে- গাড়িতে আগুন দিলে, যাত্রীবাহী বাসে আগুন দিলে ১০ হাজার টাকা পেমেন্ট দেওয়া হয়। সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে সেটি আবার লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, তারপর এখানে ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয়।
এটি কি কোনো রাজনৈতিক দলের কাজ? এমন প্রশ্ন রেখে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এগুলো তো জঙ্গি-সন্ত্রাসীদের কাজ। জঙ্গি সংগঠনও তো এ রকম কাজ করে না। তাদের রাজনৈতিক দল বলা হয় বাংলাদেশে। তাদের সঙ্গে আলোচনার কথাও কেউ কেউ বলে। এখন অবশ্য বলে না আর। এই অপরাজনীতি যারা করে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।




















