শেরপুরে মাওলানা রাজু আহাম্মেদ (৪০) নামে সেই ভুয়া কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে একটি চাঞ্চল্যকর জাল-জালিয়াতির মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। রাজু আহম্মেদ শেরপুর শহরের মোবারকপুর মহল্লার মো. আফতাব উদ্দিনের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, শেরপুর শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনের মেয়ে সরকারি চাকুরীজীবী মোছা. তাহমিনা ইয়াছমিন যৌতুকের জন্য নির্যাতন করায় তার স্বামী আবুল হাসনাত মো. রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাহমিনার স্বামী রানা ২০২২ সালের ২৫ জুলাই কাজী রাজু আহম্মেদকে দিয়ে জাল তালাকনামা সৃজন করে ট্রাইব্যুনালে দাখিল করেন। পরবর্তীতে তাহমিনা জেলা রেজিস্টার অফিসে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন যে, রাজু আহম্মেদ একজন ভুয়া কাজী। ওই ঘটনায় তাহমিনা বাদী হয়ে রানা ও ভুয়া কাজী রাজুসহ ৭ জনকে আসামি করে একই বছরের ৩১ জুলাই আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। পরবর্তীতে সিআইডির এসআই জাকিউর রাশেদ অমিত দীর্ঘ তদন্তে রাজু ভুয়া কাজী হিসেবে প্রতীয়মান হওয়ায় এবং রাজু ও রানার বিরুদ্ধে চলতি বছরের ১৪ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন।
পরবর্তীতে ওই মামলায় ২জনের বিরুদ্ধেই আদালতে হাজির হওয়ার আদেশ হলে ৩১ নভেম্বর প্রধান আসামি রানা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া রাজু কাজী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ হয়। ২১ নভেম্বর মঙ্গলবার রাজু স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ভুয়া কাজী রাজু আহাম্মেদকে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক কামরুল হাসান তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতিসহ আরও নানা অভিযোগ রয়েছে।









