সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা তৃতীয় দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।

পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। বিএনপির এই আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।
গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ ও দেশের মানুষের নাগরিক স্বাধীনতা ও মালিকানা ফিরিয়ে আনা ও দেশ থেকে অনাচার দুর্নীতি মুক্ত করার জন্য আবারও আজ ৮ নভেম্বর থেকে আগামীকাল ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা করা হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সকলকে এই স্বৈরশাহীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। দেশের অতীত ঐতিহ্য হচ্ছে নিরন্তর লড়াই-সংগ্রাম করা।

রিজভী বলেন, আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জ্বালাও পোড়াও করে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। এগুলো তাদের স্বভাবগত অভ্যাস। বিএনপি কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তিপূর্ণ কর্মসূচির কারণে জনমত আজকে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে।
তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন বিএনপির অবরোধের আওতামুক্ত থাকবে।




















