শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিক্সাচালকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় ও উঠান বৈঠক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী বাজারের ধানহাটি মোড়ে স্থানীয় অটোরিক্সাচালকদের সাথে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের প্রতারণা প্রতিরোধ ও মাদকের কুফল সম্পর্কে উঠান বৈঠকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এসআই রাজিব সাহা প্রমুখ।
ওইসময় তারা বলেন, সবাইকে আরো সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে অটোরিক্সা চালালে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে চালক ও যাত্রীরা। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিক্সা ছিনতাই করছে। ছিনতাইকারী ও মলম পার্টির প্রতারণা প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। রাতের বেলায় দূরবর্তী যাত্রাকালে অপরিচিত ও সন্দেহ ভাজন কাউকে নিয়ে যাত্রা করা যাবে না। কারণ অর্থের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করতে হবে।

সচেতনতামূলক বৈঠকে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাসহ শতাধিক অটো চালকরা উপস্থিত ছিলেন।




