শেরপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তার ভুয়া পরিচয়ে এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. কামরুল হাসান (৩৮) নামের এক প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৭ অক্টোবর শনিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল নকলা উপজেলার চকজানকিপুর পাটাকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওই ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রবিবার বিকেলে কানাশাখোলা বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ফায়ার সার্ভিসের ভুয়া পরিচয়দানকারী প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য পরামর্শ দেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কামরুল হাসান সদর উপজেলার কানাশাখোলা বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আয়াত ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাস হাউসে যায়। ওইসময় সে নিজেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজমুলের কাছে ফায়ার লাইসেন্স দেখতে চায়। ম্যানেজার নাজমুল ফায়ার লাইসেন্সটি কামরুল হাসানকে দেখান। ওইসময় কামরুল মূল ফায়ার লাইসেন্সটি হাতে নিয়ে এটি নবায়ন করে দেওয়ার কথা বলে নাজমুলের নিকট থেকে ৯শ টাকা নগদ গ্রহণ করে।একইসাথে আরও ৪শ টাকা যাতায়াতের জন্য দাবি করে। কিছুক্ষণ পর আয়াত ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাস হাউসের মালিক মো. আব্দুর রহিম রনি তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। ওইসময় কামরুল হাসানের কথাবার্তায় সন্দেহ হলে আ. রহিম রনি শেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালককে ফোন দেন এবং কামরুল নামে কোন কর্মকর্তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে কি না জানতে চান। ওইসময় কামরুল হাসান নামে শেরপুর ফায়ার সার্ভিসে কোন কর্মকর্তা নেই বলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান।

তাৎক্ষণিকভাবে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কানাশাখোলা বাজারের লোকজন ফায়ার সার্ভিসের ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী কামরুল হাসানকে আটক করেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় ব্যবসায়ী কামরুল হাসানের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কামরুল প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।









