শেরপুরে জেলা হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম।

ওইসময় তিনি বলেন, শেরপুর সীমান্তের গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই। সেইসাথে বন্যহাতির কবল থেকে জানমাল রক্ষা এবং হাতির সুরক্ষায় অভয়াশ্রম গড়ে তুলতে হবে। এজন্য তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন না হলে এলাকার পর্যটন ক্ষতিগ্রস্ত হবে।
সভায় কমিটির সদস্য সচিব বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, বিজিবির প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

সভায় সীমান্তের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতা বৃদ্ধি, নতুন করে আরও ১১টি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠনের মধ্য দিয়ে ৩৪টিতে উন্নীতকরণ, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সোলার ফেন্সিং ও বায়ো ফেন্সিং স্থাপনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওইসময় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।









