শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষক হাসমত আলীসহ বিদ্যালয়ের সকল প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে এসএসসি ১৯৯৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তিনি বলেন, শিক্ষকরা আমাদের দুসর জন্মদাতা। এজন্য একজন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার শিক্ষকের মর্যাদা স্বীকার করেন। যে সমাজ শিক্ষকদের মর্যাদা দিতে জানে না সে সমাজ কখনও উন্নত ও আদর্শ হতে পারে না। প্রাক্তন শিক্ষার্থীদের তরফ থেকে সেই প্রয়াত শিক্ষকদের স্মরণ করা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও অনুসরণীয় দৃষ্টান্ত।
মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং জেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মো. মুহসীন আলী আকন্দ।

প্রাক্তন শিক্ষার্থীদের তরফ থেকে বক্তব্য রাখেন ডা. মো. গোলাম মোস্তফা, ডা. ইব্রাহিম, চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ। ওইসময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও জমিদাতাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।









