শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে ওই মতবিনিময় করেন তারা।

ওইসময় নবাগত পুলিশ সুপার ও নবাগত জেলা প্রশাসক পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জেবুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









