শেরপুরে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় নবাগত জেলা প্রশাসক সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি অঞ্চল বা জেলাকে সামনের দিকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সহযোগিতার কোন বিকল্প নেই। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সম্ভাবনাগুলো কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।
এদিকে একই দিন বিকেলে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে জেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের এক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।









