‘গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য করে দেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সোলার ফেন্সিং করে দেয়া হয়েছে। বাকী ৫০ কিলোমিটার সোলার ফেন্সিং করে দেয়া হবে। আপনারা নিরাপদে থাকতে পারবেন।’ ২২ জুলাই শনিবার বিকেলে উপজেলার মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ বনবিভাগ আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওইসব কথা বলেন।

ময়মনসিংহ বন বিভাগের অধীন বালিজুরি ও রাংটিয়া রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি ১৫৪ জন উপকারভোগী সদস্যর মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার ২৭৩ টাকা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, সুফল প্রকল্পের উপ-প্রধান বন সংরক্ষক এবং প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালেম।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ,ন,ম আব্দুল ওয়াদুদ। সভায় উপকারভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ্বরা উপস্থিত ছিলেন।




