শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তারকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ১৫ জুলাই শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়।

ওইসময় বিদায়ী অতিথি সাহেলা আক্তার বলেন, তিনি শেরপুরকে অনন্য উচ্চতায় তুলে ধরতে কাজ করেছেন। তারই আওতায় শেরপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা ছিল। তার সময়কালেই প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টসহ বেশ কয়েকটি সফল টুর্নামেন্ট হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় ক্রীড়াঙ্গন জাগ্রত হয়ে উঠেছে। তিনি এখানকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে ক্রীড়া সংস্থার প্রয়াস অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, নির্বাহী সদস্য শামছুন্নাহার কামাল, আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, আনোয়ারুল হাসান উৎপল, কোহিনুর বেগম বিদ্যুৎ ও মাহবুব রানা।
বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের প্রায় ১৪ মাসের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিনি একজন উদ্যমী ও পরিচ্ছন্ন প্রশাসক ছিলেন। পরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বদলিমূলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।









