শেরপুরে পুকুরপাড়ে থাকা একটি নারকেলগাছ গোড়াসহ হঠাৎ পুকুরের মাঝখানে চলে গিয়ে সোজা দাঁড়িয়ে থাকার ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে। গাছটিকে একনজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ ভিড় করছেন। উৎসুক দর্শনার্থীরা বলছেন, এটি একটি অলৌকিক ঘটনা। তাই রোগমুক্তির আশায় অনেকেই ওই পুকুরের পানি বাড়িতে নিয়ে পান করছেন, কেউবা গোসল সারছেন। তবে ঘটনাটি কোনো অলৌকিক নয় বলে জানিয়েছেন বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে ওই ঘটনার পর প্রথম করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এছাড়া কদিন যাবত উৎসুক জনতার কেউ কেউ ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ প্রচার করছেন।

এদিকে ওই গাছটি দেখতে প্রতিনিয়ত শত শত মানুষের যাতায়াত ও ভিড়ের কারণে বসবাসরত পরিবারগুলোর বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। এছাড়া বাগানের গাছ ও ফলের ক্ষতিও সাধিত হচ্ছে।
জানা যায়, শেরপুর শহরের মধ্য শেরীপাড়া মহল্লার সালেহা কটেজের স্বত্ত্বাধিকারী প্রয়াত ভাষা সৈনিক অধ্যক্ষ আব্দুল হান্নান প্রায় ৪০ বছর আগে বাসার পাশে নিজের পুকুরের চারপাশে নারকেলগাছ রোপণ করেন। এরপর দীর্ঘদিন ধরে পুকুরের পাড়ে গাছগুলো থাকলেও গত ৩ জুলাই সোমবার রাতে হঠাৎ একটি গাছ পাড় থেকে গোড়ার মাটিসহ সরে গিয়ে পুকুরের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আর পুরোনো গাছটির অবস্থানের ওই আশ্চর্যজনক পরিবর্তনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা, কেউবা বলছেন জিনের কারসাজি।

১২ জুলাই বুধবার সরেজমিনে গেলে কথা হয় স্থানীয় হোসেন মাতব্বর, আনোয়ার মিয়া ও আব্দুল আওয়ালসহ কয়েকজনের সাথে। তারা বলেন, আগে এটি ছিল জমিদার পরিবারের ভিটা। একসময় এখানে মাঝেমধ্যে ভুতুড়ে কর্মকাণ্ড ঘটত। এতেই মানুষের বিশ্বাস আরও গাঢ় হয়। সেই বিশ্বাসে নারকেলগাছটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছে শিশু, বৃদ্ধসহ সব বয়সের উৎসুক মানুষ।
আব্দুর রহিম নামে এক ব্যক্তি বলেন, লোকমুখে জানতে পারি একটি নারকেলগাছ হঠাৎ পাড় থেকে পুকুরের মাঝখানে চলে গেছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। এখন স্বচক্ষে ঘটনা দেখে মনে হচ্ছে এটি বিরল ঘটনা। এখানে এসে দেখলাম শত শত মানুষ রোগমুক্তির আশায় ওই পুকুরের পানি পান করছেন, কেউবা কলসিতে ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন। আয়েশা বেগম নামের একজন বলেন, আমার পা ব্যথা। একটা মেয়ে পঙ্গু হয়ে গেছে। এ কারণে চার বোতল পানি নিয়ে গেলাম। এগুলো পান করব ও শরীরে মাখব।
অন্যদিকে এটি কোনো আশ্চর্যজনক ঘটনা নয় বলে জানিয়েছেন শেরপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ। তারা বলেন, বুননের কারণে বালি ও এঁটেল মাটিসহ আরও ২-১ প্রকারের মাটি মুভমেন্ট হয়। কারণ স্থানভেদে নিচের স্তরের মাটি দুর্বল হলে ওপরের অংশ থেকে নিচের স্তরের মাটি মুভমেন্ট করে। তাই পুকুরের পাড় ভেঙে নারকেলগাছটি শিকড়ের মূল মাটিসহ গাছের অবস্থান পরিবর্তন হয়ে পানিতেও সোজা হয়ে এখন দাঁড়িয়ে আছে। তাদের মতে, ঘটনাটিকে অলৌকিক বলা কুসংস্কার ছাড়া কিছু নয়।






