‘স্মাট ভূমিসেবায় আপনাকে স্বাগতম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে । ২২ মে সোমবার সকালে ভূমি অফিস সংলগ্ন মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ওইসময় তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আপনারা ভূমিষেবা গ্রহণ করুন। ভুমির প্রকৃত মালিক হউন। ভূমি সেবা পেতে সরাসরি অফিসে আসুন, দালাল থেকে দূরে থাকুন। অনুষ্ঠানে নামজারির কপি আনুষ্ঠানিক ভাবে ভূমি মালিকদের কাছে প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, সদর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মৃণাল কান্তি সরকার।
বক্তারা বলেন, ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্ত এর আবেদন গ্রহন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহন, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহন, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিসে এসে এসব কাজ করারও পরামর্শ দেওয়া হয়।

ওইসময় উপজেলার অন্যান্য ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহনকারি শতাধিক নারী-পুরুষসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।




