শেরপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। ২২ মে সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের এপ্রিল/২৩ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে হিসেবে নির্বাচিত করা হয়। পরে তার হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

জানা যায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল গত এপ্রিল মাসে ২৯০টি ওয়ারেন্ট নিস্পত্তি করেছেন।সিডিএমএসের মাধ্যমে মামলা নিস্পত্তি করেছেন ৬৭টি। এছাড়া একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছেন। ১২ জন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ মাদক উদ্ধার করেছেন। এজন্য তার সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় বছির আহমেদ বাদলকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়।
এদিকে তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, সকলের দোয়া এবং সদর থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টাতে আমি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছি। এজন্য পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ শেরপুর জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আরও ভাল কাজ করতে পারি।

অন্যদিকে একই সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার এসআই সাদ্দাম হোসেন এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই কামরুল ইসলাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন সদর থানার এসআই মাহফুজুর রহমান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই কামরুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মো. রুবেল মিয়া।




