‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে শেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ১৬ মে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ প্রাঙ্গণে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল কাদের।

ওইসময় কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম সাইদ, শিক্ষকমন্ডলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সদস্য প্রকৃতিপ্রেমী সংগঠক দেবদাস চন্দ বাবু, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, সমন্বয়কারী চ্যানেল আই’র জেলা প্রতিনিধি হাকিম বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি অভিযানে ৫ শতাধিক বৃক্ষরোপণ ও সহস্রাধিক গাছের চারা বিতরণের কর্মসূচির প্রথম দিনে নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ প্রাঙ্গণে দেড় শতাধিক ফলদ, বনজ ও ওধধি গাছের চারা রোপণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণের গুরুত্ব ও যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। গাছের চারা পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসকে এ বৃক্ষরোপণ অভিযানের জন্য বেছে নেওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় প্রকৃতিপ্রেমিরা এমন উদ্যোগের প্রশংসা করেন। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব কর্তৃপক্ষ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের পাশে এবং কামারিয়া ইউনিয়নের হিজড়া পল্লীতে বৃক্ষরোপণ করার কথা জানান।









