জুবাইদুল ইসলাম, শেরপুর/জাহাঙ্গীর হোসেন, নকলা : শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডিউটি টাইমের পর নির্ধারিত ফি’র বিনিময়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসার সেবার উদ্বোধন করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।

ওইসময় শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা: আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিকসহ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
পরে সেবা উদ্বোধনের পর রোগী দেখা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে এ সেবা নিয়ে বেজায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, বাইরে ডাক্তার দেখাতে আগে অনেক টাকা খরচ হইতো। কিন্তু এখন মাত্র ২শ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাচ্ছে। আজকে থেকে আর বাইরে ডাক্তার দেখানো লাগব না। হাসপাতালেই কম টাকায় ডাক্তার দেখামু।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবার লক্ষ্যে সারাদেশের ১৩ টি জেলা ও ৩৭টি উপজেলায় এ সেবার কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ময়মনসিংহের গফরগাঁও, জামালপুরের সরিষাবাড়ি, নেত্রকোনার দূর্গাপুর ও শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সময়ের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি নিয়ে রোগী দেখা শুরু করেছেন চিকিৎসকরা। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা হাসপাতালেও আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। বৈকালিক সময়ে সরকারি হাসপাতালে অধ্যাপক ৫শ টাকা, সহযোগি অধ্যাপক/সিনিয়র কনসালটেন্ট ৪শ টাকা, সহকারি অধ্যাপক/ জুনিয়র কলসানটেন্ট ৩শ টাকা ও এমবিবিএস চিকিৎসকদের ২শ টাকা ফি’র বিনিময়ে সেবা গ্রহিতারা সেবা নিতে পারবেন।
নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বলেন, হাসপাতালে এই বৈকালিক চিকিৎসা সেবা চালুর মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীরা বিকেলেও দ্রুত এবং উন্নত চিকিৎসা পাবেন। এছাড়া হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য উন্নতমানের আধুনিক যন্ত্র রয়েছে। জনসাধারণ বাইরের চাইতে খুব কম খরচে হাসপাতালেই পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। এমন উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা চালু করা হলো। পর্যায়ক্রমে জেলা এবং অন্যান্য উপজেলা পর্যায়েও এই সেবা চালু করা হবে। এতে রোগীরা উপকৃত হবেন।




