প্রায় সাড়ে চার বছর পর আজ ১১ মার্চ শনিবার ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কন্যার ময়মনসিংহ আগমন ঘিরে শেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবি লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের প্রায় ২০হাজার নেতাকর্মী ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু জানান, শেরপুর জেলা থেকে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের প্রায় ২৫ হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে উপস্থিত হতে রওনা দিয়েছেন।

তারা আরও বলেন, সারাদেশের মতো আমাদের শেরপুরেও আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া লেগেছে। গত ১৪ বছরে জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টরেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তাঁর ঐকান্তিক ইচ্ছার ফসল ময়মনসিংহ বিভাগের অভূতপূর্ব এই উন্নয়ন। এখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ঘোষণা দিয়েছিলেন প্রতিটি জেলায় রেললাইন হবে, বিশ্ববিদ্যালয় হবে, মেডিক্যাল কলেজ হবে, সেই ঘোষণা অনুযায়ী শেরপুরের সর্বস্তরের মানুষের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী এগুলোও দ্রুত সময়ের মধ্যে করে দেবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সাকির্ট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন।




