ময়মনসিংহ রেঞ্জ আন্ত:জেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠেছে স্বাগতিক শেরপুর ও নেত্রকোনা জেলা পুলিশ দল। ১৮ জানুয়ারি বুধবার শেরপুর পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী খেলায় শেরপুর জেলা পুলিশ দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে। অপর খেলায় নেত্রকোনা জেলা পুলিশ দল ৪ উইকেটে জামালপুর জেলা পুলিশ দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। এসময় আরআই আলমগীর হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভারের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা পুলিশ দল ১৩ দশমিক ২ ওভারে ৮৩ রানে অলআউট হয়। দলের পক্ষে কনস্টেবল সিজার ১৮ রান, মাহবুব ১১ রান করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান। শেরপুরের বোলার কনস্টেবল নাজমুল ১৭ রানে প্রতিপক্ষের ৪ উইকেট নেন। এছাড়া আরিফ ও স্বাধীন যথাক্রমে ২২ ও ২৬ রানে ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা পুলিশ দল ওপেনার হায়দারের ব্যাটিং তান্ডবে মাত্র ১০ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে জয়লাভ করেন। শেরপুরের পক্ষে ওপেনার হায়দার হোসেন ৩২ রান, আরিফ ১০ রান করেন এবং অতির্কি থেকে আসে আরও ২৫ রান। ময়মনসিংহ জেলা দলের পক্ষে বোলার মাহবুব ও শাকিল প্রতিপক্ষের উইকেট দু’টি লাভ করেন। ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলা পুলিশ দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম খেলায় জয়লাভ করে শেরপুর জেলা দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এদিকে, দিনের অপর খেলায় টস জিতে ব্যাট করতে নেমে জামালপুর জেলা দল নিজেদের ইনিংসের ৪ বল বাকী থাকতে ১৯ দশমিক ২ ওভারে ১০৮ রান করে অলআউট হয়। দলের পক্ষে রেজাউল ২৯, সাজ্জাদ অপরাজিত ২৪, সাইম ২৪ রান করেন এবং অতির্থিক থেকে আসে ১৬ রান। নেত্রকোনার বোলার কামরুল ১৭ রানে ৩টি এবং শান্ত ও মেহেদী যথাক্রমে ২ ও ১০ রানে প্রতিপক্ষের ২টি করে উইকেট নিজেদের ঝুলিতে পুড়েন। জবাবে নেত্রকোনা জেলা পুলিশ দল ব্যাট করতে নেমে ১৩ দশমিক ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয়লাভ করেন। দলের পক্ষে সামি ২৭, টুটুল অপরাজিত ২০ ও মনির ১৭ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১৫ রান। জামালপুরের পক্ষে বোলার আহাদ ২৩ রানে ২টি এবং সানোয়ার ২৪ রানে ২টি উইকেট লাভ করেন। এ জয়ের ফলে নেত্রকোনা জেলা দলও ফাইনালে উন্নীত হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আগামী ২১ জানুয়ারি শেরপুর জেলা পুলিশ দল বনাম নেত্রকোনা জেলা পুলিশ দল শিরোপার জন্য লড়বে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মামুদ।









