শেরপুরের ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় সংগীত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ ও মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিলন, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।




