বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব আন্ত:জেলা (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।

১৭ জানুয়ারি মঙ্গলবার জাতীয় পতাকা ও অলিম্পিক এসোসিয়েশনের পতাকা উত্তোলন ও থিমসং এর মাধ্যমে বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতির পেছনে শহীদ শেখ কামালের অগ্রণী ভূমিকা রয়েছে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টীম প্রধান হয়ে শেখ কামাল ময়মনসিংহ স্টেডিয়ামে ক্রিকেট খেলায় অংশ নিয়ে অসাধারণ ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শণ করার বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। ঐতিহ্যবাহী ও স্মৃতি বিজড়িত সেই স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী দিনে ফুটবল তরুণ শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। তরুণদের অপর খেলায় শেরপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে নেত্রকোণা জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে।

এদিকে ফুটবল তরুণী-তে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। তরুণীদের অপর খেলায় নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যে ০-০ গোলে খেলা সমাপ্ত হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে অর্জন করে।
এর আগে রফিক উদ্দিন স্টেডিয়ামে সকাল ১১টায় খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মমতাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুওয়ান। এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মমনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, ময়মসনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ছাড়াও চার জেলার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব ৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তন্মেধ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ফুলবল-১৭-১৮ জানুয়ারি, এ্যাথলেটিকস-১৯ জানুয়ারি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। অপরদিকে শেরপুরে জেলা সদরে ব্যাডমিন্টন ও দাবা খেলার প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।




