‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এদিন আনুষ্ঠানিকভাবে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনকে বদলি ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী অতিথিদ্বয়কে পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাদের শেরপুর জেলায় বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিরা এবং সহকর্মীরা বিদায়ী অতিথিদ্বয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তাগণ তাদের বক্তব্যে শেরপুরে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে বিদায়ী অতিথিদ্বয়ের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

পুলিশ সুপার তার বক্তব্যে শেরপুর জেলা হতে বদলীজনিত বিদায়ী পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শেরপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএমসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।









