জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি। সোমবার টানা দ্বিতীয়বার নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২০২৪ সালের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৯টি পদে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্ত পরিষদের প্রার্থীরা জয় লাভ করেন। সাত পদে জয় লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ-ইলিয়াস পরিষদের প্রার্থীরা।

এছাড়া সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্ত পরিষদের সঙ্গে সদস্য পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জুলহাস আলমও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।




















