১.
আমাদের এই বাংলাদেশ

মাঠ ভরা ধান পাটের ডগা
কলমি লতা ঘেরা
শাপলা ভাসা পদ্মপাতার
রূপকমলে সেরা
কোনসে রূপের রাণি এদেশ
কোনসে প্রাণের দেশ ?
সে আমাদের বাংলাদেশরে !
আমাদেরই বাংলাদেশ।
আউল বাউল কবির এদেশ
গীতিকারের গীতির এদেশ
ছন্দে ছন্দে গানে গানে
ছড়ায় জনে জনে
কোনসে মজার ছড়ার এদেশ
কোনসে গানের দেশ ?
আমাদের এই বাংলাদেশরে !
আমাদেরই বাংলাদেশ ।

২.
দেশকে ভালোবেসে
ভয় ছিল না বীর সেনাদের
ভয় ছিল না
মায়ের বুকের কষ্ট তাদের
সয়ছিল না।
বীর সেনাদের ভয় ভুলা তাই
জয় ছিল যে
জয় আনিতে তাদের চলায়
লয় ছিল যে,
যাকগে জীবন মায়ের মুখে
আনতে হাসি,
এই দৃঢ় মন-বল নিয়ে তাই
পাশাপাশি,
যুদ্ধ করে জয় এনেছে শেষে।
আর কিছু নয় দেশকে ভালোবেসে।
৩.
দামের ঘোড়া
বউ রেগেছে কী আসে যায়
সংসারের সে কী বুঝে
এ বাজার চাই আনাজপাতি
এর ছাড়া সে কী খুঁজে!
দম থাকে না বাজার ঘুরে
হুঁশ থাকে না আর কতো?
সবকিছুতেই দামের ঘোড়া
যায় লাফিয়ে যার মতো।
বাজারেই আজ রয়ে যাবো
ফিরবো না সেই বাড়িতে
যেই বাড়িতে বউ রেগে রয়
এবং রাখে ঝাড়িতে।
৪.
শীত ও কুয়াশা
শিশিরের কণা মেখে দূর্বারা ধন্য
ঠিকঠিক অপরূপ সত্যি কী অনন্য!
চুপচাপ নিশ্চুপ ঠায় তারা দাঁড়িয়ে
চোখ মেরে নিয়ে যায় সবকিছু ছাড়িয়ে।
ডগাগুলো সাজাতে বিনি সুতোর মালাতে
হয়তোবা বনমালীর মুক্তোর ডালাতে
গান গায় কার যেন এইভাবে রোজ দিন
বাংলার এই ঋতু অপরূপ অমলিন।
চিকচিকে রোদ্দুরে কণারা চমকায়
বেলা বেড়ে মিশে যায় কে যেন দমকায়
সন্ধ্যায় আসে ফের বাঁকা শিং নাড়িয়ে
চোখ মেরে নিয়ে যায় সবকিছু ছাড়িয়ে।




