চাওয়ার মতো ছিল নাতো
ভিন্ন কিছু পাওয়ার,
কিন্তু আমার লাগছে তবু
অচিন পথে যাওয়ার।

পথ চিনি না ঘাট চিনি না
এই শহরে দূরের,
প্রেম জমেছে বুঝছি তখন
মায়াবী এক সুরের।
সুর শুনে তাই থমকে দাঁড়ায়
এই উদাসীন কবি,
দু’চোখ জুড়ে আমার তখন
ভাসছে জীবন ছবি।

কান্না আসে পরম সুখে
অশ্রু ভরা গাল,
হঠাৎ দেখি এই ইতিহাস
টুকছে মহাকাল।
এই জীবনে লেখার মাঝে
মহাকালের স্মৃতি,
সামনে সবার রেখে গেলাম
মনের অশেষ প্রীতি।




