শেরপুরে ভটভটি উল্টে আব্দুল জব্বার (৬৫) নামে এক গরুর পাইকার নিহত হয়েছেন। ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে সদরের গাজিরখামার এলাকায় ওইদ ঘটনা ঘটে। নিহত জব্বার বগুড়া জেলার আদমদিঘীর বশিকুড়া সর্দারপাড়া গ্রামের মৃত নীল মাহামুদ প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আব্দুল জব্বার নালিতাবাড়ী উপজেলার হাট-বাজারে পাইকারি গরু কিনতে যান। পরে গরু কেনা শেষ হলে ভটভটিযোগে শেরপুর সদরের পাকুড়িয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় সদর উপজেলার গাজীরখামার এলাকায় আসলে রাস্তার মাঝখানে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জব্বার গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন বলেন, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে আব্দুল জব্বার মারা যান।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল বলেন, ওই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









