আজ ১৫ নভেম্বর মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে শহরের জালালপুর এলাকায় সুসজ্জিত মঞ্চসহ বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনবারের সাবেক সফল কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলনে সভাপতিত্ব করেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন। সম্মেলন সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ১৪ নভেম্বর সোমবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৪ এপ্রিল নকলা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।




