শেরপুরের নকলায় মাদকদ্রব্যের অপব্যাবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নকলা উপজেলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা হয়েছে। ১৯ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যাবহার রোধে করণীয় সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ও শেরপুরের উপ-পরিচালক মো. খোরশিদ আলম।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা প্রমুখ।




