শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা দিতে না পারায় সাদেকুল ইসলাম নামে এক দরিদ্র পরিবারের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মালেক নামে এক সুদখোর মহাজনের বিরুদ্ধে। ১৭ অক্টোবর সোমবার উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে ওই ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। দরিদ্রতার কারণে স্বপরিবারে ঢাকায় থাকেন।

সাদেকুল ইসলাম জানান, তিনি প্রতিবেশী আব্দুল মালেকের কাছ থেকে গত প্রায় দুই বছর পূর্বে ১৮ হাজার টাকা সুদে ধার নেন। পরে সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধ ও করেন। কিন্তু আব্দুল মালেকের দাবি, আরও ৪০ হাজার টাকা পাবেন তিনি। আব্দুল মালেক ১৬ অক্টোবর রবিবার ঢাকায় থাকা সাদেকুল ইসলামকে ফোনে জানান, তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙ্গে নিয়ে যাবেন তিনি। পরে ১৭ অক্টোবর সোমবার আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের একটি টিনসেড ঘর মালামালসহ ভেঙে নিয়ে যায়।
খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এব্যাপারে সাদেকুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি কোন সুদের ব্যবসা করি না।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




