তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। রাজনৈতিক উত্তরসূরি জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকেও হত্যা করেছে।’

১৪ আগস্ট রবিবার নাটোরের সিংড়ায় তার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘বিএনপির নেতৃবৃন্দ সবসময় দেশের খারাপ চায়’ উল্লেখ করে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলার সক্ষমতা আমাদের আছে।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের কাতারে পৌঁছেছে। আগামী ২০ বছর পরে আমরা উন্নত দেশের কাতারে পৌঁছাবে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয় দেশের সকল স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। দেশের তরুণ-তরুণীরা এখন ঘরে বসেই অনলাইনে বৈদেশিক মুদ্রা উপার্জনসহ নানা ইনোভেটিভ কাজ করছেন। ‘
প্রতিমন্ত্রী বলেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। তার আদর্শকে ধারণ করে আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী।




