শেরপুরের নকলায় জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ২৯ ভূমিহীন-গৃহহীন পরিবার। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগীদের মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরমধ্যে গণপদ্দী ইউনিয়নে ২১টি, পাঠাকাটা ইউনিয়নে ৪টি এবং বানেশ্বর্দী ইউনিয়নে রয়েছে ৪টি।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমদ।বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
ইউএনও বুলবুল আহমদ জানান ইতিপূর্বে উপজেলায় ১৩০ ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। দেওয়া হয়েছে ঘরের চাবি, জমির দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআরের কপি। পেয়েছেন বিদ্যুৎ সংযোগ ও পানিসহ নানা সুবিধা। ভবিষ্যতে আরও ভূমিহীন-গৃহহীন পরিবার পাওয়া গেলে তাদের জমি ও ঘরের ব্যবস্থা করা হবে।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সু্বিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




