ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে দেশের গ্রামাঞ্চলে সমবেত হয় নানান পেশার মানুষ, হয় মিলনমেলা। একসঙ্গে আনন্দ, আড্ডায় মেতে ওঠে সব শ্রেণির মানুষ। এই ঈদ আনন্দে বাড়তি আমেজ যোগ করতে শেরপুর সদরের চরশেরপুরে হেরুয়া তালুকপাড়া যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া এলাকায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শত শত মানুষের উপস্থিতিতে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষের মিলনমেলায়।
‘স্কুল দল’ ও ‘কলেজ দল’ অংশ গ্রহণে হয় এই খেলা। এতে ২-০ গোলে জয়ী হয় কলেজ দল৷ পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পাবনার ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার কৃতি সন্তান নাহিদ হাসান খাঁন।

এর আগে খেলাটি উদ্বোধন করেন চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, রেডিও ধ্বনির আবু নোমান খাঁন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মেহেদী হাসান খাঁন, নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, যমুনা ফার্টিলাইজারের এম ও আনোয়ার হোসাইন, সমাজসেবক মাসুদুর রহমান খাঁন প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন আব্দুল হামিদ। সহকারী রেফারি ছিলেন মুরাদ মিয়া ও হেলাল উদ্দিন বিএসসি।




