শেরপুরের নকলার পুকুরের পানিতে ডুবে ইয়াসিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ধনাকুশা মধ্যপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ইয়াসিন স্থানীয় ফারুক মিয়ার ছেলে। ওই ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জানা যায়, ঈদ করার জন্য শুক্রবার ইয়াসিনের পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়ি নকলার ধনাকুশা মধ্যপাড়া এলাকায় আসেন। বিকেলে পরিবারের সদস্যরা কাপড় পরিবর্তন করতে ঘরের ভেতরে যায়। ওইসময় ইয়াসিন ঘর থেকে বাইরে বের হয়ে বাড়ির উঠানে খেলা করতে থাকে। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা ইয়াসিনকে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের বাবা ফারুক মিয়া বলেন, ঈদের দ্বিতীয় দিন আমার ছেলে ইয়াসিনের মুসলমানি (খৎত্না) করার কথা ছিল। এজন্য সব ধরণের কেনাকাটাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিন্তু গ্রামের বাড়িতে এসে আর ঈদ করা হলো না আমার ছেলের।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




