শেরপুরের শ্রীবরদীতে পিকআপ চাপায় বিপুল মিয়া (২৫) নামে শ্যালোইঞ্জিনচালিত এক ট্রলিচালক নিহত হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামের মোঃ জমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিপুল মিয়া ট্রলি গাড়ি নিয়ে শেরপুর থেকে শ্রীবরদী আসছিলেন। ওইসময় মাটিয়াকুড়া এলাকায় আসলে গাড়ির চাকার সমস্যা দেখা দেয়। পরে গাড়ি থামিয়ে রাস্তার পাশে চাকা ঠিক করার সময় শ্রীবরদী থেকে শেরপুরগামী একটি দ্রুতগামী পিকআপ বিপুলকে চাপা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায় বিপুল মিয়া।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় ঘাতক সুলভ ইউপিভিসি পাইপ কোম্পানীর একটি পিকআপ আটক করা হয়েছে। তবে এর চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




