দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে শেরপুরে ক্ষুদ্ধ শিক্ষকরা প্রতিবাদী পদযাত্রা করেছেন। সর্বস্তরের বিক্ষুদ্ধ শিক্ষক সমাজের ব্যানারে ২ জুলাই শনিবার বিকেলে শহরের নিউমার্কেট চত্বর থেকে প্রতিবাদী পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী ওই পদযাত্রায় একাত্মতা পোষণ করে বিভিন্ন শিক্ষক-কর্মচারি সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষক, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ, জেলা মহিলা পরিষদ ও উদীচী জেলা সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শেরপুর কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলিফ উল্লাহ, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, শিক্ষিকা অ্যানী সুরাইয়া মিলোজ, মোহসীন আলী আকন্দ, আবুল কালাম আজাদ, লুৎফুন্নাহার, ইশরাত জাহান শম্পা, আঞ্জুমান আরা যুথী, সাইফুল ইসলাম রানু প্রমুখ বক্তব্য রাখেন।

ওইসময় বক্তারা সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিক্ষক নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের দ্রুত সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।




