শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ জুন বুধবার রাতে তাকে উপজেলার ধানশাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের নেছার আহমেদ ওরফে তোতার ছেলে।

পুুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় এএসআই আতিকুর রহমান ও এএসআই নাইমুল ইসলামকে সঙ্গে নিয়ে ঝিনাইগাতী উপজেলার পূর্ব ধানশাইলের মাইটে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় সাদ্দাম হোসেনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ওইসময় অজ্ঞাত পরিচয় আরও ২ ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের কাছ থেকে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।




