শেরপুরের নকলায় বিজয় টিভি’র নকলা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডলকে মারধোরের অভিযোগে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নকলা কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিলনকে সংগঠনের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

২০ জুন সোমবার বিকেলে কর্মচারী কল্যাণ সমিতির এক জরুরী সভা শেষে সমিতির সভাপতি আইনুন নাঈম পানেল ও সাধারণ সম্পাদক দিদারুল আল আমিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। মনিরুজ্জমান মিলন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, মিলনের নানা অনিয়ম ও দূর্নীতি নিয়ে সম্প্রতি ইউসুফ আলী মন্ডল মিডিয়ায় একাধিক খবর প্রকাশ করেন। এতে দু’জনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। ১৯ জুন রবিবার বিকেলে ইউসুফ আলী পেশাগত কাজে তথ্য সংগ্রহে মিলনের কক্ষে প্রবেশ করলে মিলন ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলীকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখান থেকে ইউসুফ আলীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এদিকে বিষয়টি নিয়ে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশে ২০ জুন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফিজুর রহমানের কক্ষে তোফায়েল আহমেদ উপস্থিত সাংবাদিকদের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার, আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, তথ্যধারা প্রতিনিধি হারুনুর রশীদ, যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




