শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইউসুফ জামিল (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমতলী ব্রিজসংলগ্ন এলাকায় কানাশাখোলা-চন্দ্রকোনা সড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল হালগড়া চর বড়ইগাছি এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। তিনি বিজিবির ময়মনসিংহ সেক্টরের সদর দপ্তরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, কিছুদিন আগে ইউসুফ জামিল ১২ দিনের ছুটি নিয়ে শেরপুরে নিজ বাড়ি আসেন। বৃহস্পতিবার সকালে তিনি পরিবারিক নানা কেনাকাটা করতে মোটরসাইকেলযোগে শেরপুর গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুর পৌণে ১২টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমতলা ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন জামিল। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিলের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থ গ্রহণা প্রক্রিয়াধীন রয়েছে।




