নানা চাপ, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মধ্যেও পদ্মাসেতু নির্মিত হওয়ায় বাঙালির মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। ৮ জুন বুধবার জাতীয় সংসদে পদ্মাসেতু নিয়ে আনা একটি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ওই কথা বলেন তিনি।

জানা যায়, জাতিকে পদ্মাসেতু উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ওই প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি সংসদে আনেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের অন্যসব কার্যক্রম স্থগিত রেখে বিকাল সোয়া পাঁচটায় এই আলোচনা শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১১টায়।
শেখ হাসিনা বলেন, ‘নানা চাপ, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মধ্যেও পদ্মাসেতু নির্মান আত্মবিশ্বাস সৃষ্টি করেছে, আমরা পারি। ভবিষ্যতে আরো ভাল কাজ করতে পারবো। প্রযুক্তি সম্পর্কে দেশের মানুষের জ্ঞান হয়েছে। ভবিষ্যতে আমরা আরো উন্নত কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেরা পারে, এটা সারাবিশ্বে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।’ ধন্যবাদ প্রস্তাবনায় সরকারি দল আওয়ামী লীগ ও তার জোট শরিক ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ৩৮ জন সদস্য বক্তব্য রাখেন। এরমধ্যে বিএনপির দু’জন হারুনুর রশীদ ও রুমিন ফারহানা ছাড়া সবাই পদ্মাসেতু নির্মানে সরকারের অসামান্য সাফল্যের ভূয়াসী প্রশংসা করেন।
তারা বলেন, এই সেতু নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। নিজেদের টাকায় এই সেতু নির্মাণ করে তাদের সমুচিত জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু শুধু সেতু নয়, এটি প্রকৌশল জগতে এক বিস্ময়। পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির অভিযোগকারীদের কঠোর সমালোচনা করেন বক্তারা।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মানে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের এমডি ড. ইউনুস বেআইনিভাবে ৭১ বছর পর্যন্ত এমডি পদে ছিলো। তাকে কোনো অপমান করা হয়নি। বরং তাকে ব্যাংকের উপদেষ্টা এমেরিটাস হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাকে এমডি থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তারপর তাদের চাপ হলো- অমুককে গ্রেপ্তার করতে হবে। অমুককে অ্যারেস্ট করতে হবে। অমুককে বাদ দিতে হবে। তাহলে আমরা টাকা দেবো। কিন্তু আমি বলেছিলাম আমার কোনো অফিসারকে এই অপমান করতে দেবো না। মসিউর রহমান ও আবুল হোসেন সাহেবকে গ্রেপ্তার করতে হবে। মোশাররফ সাহেবকে গ্রেপ্তার করায়ই দিল। কিন্তু আমি বললাম, এটা করতে দেব না। কারণ কোনো টাকা ছাড় হয়নি। দুর্নীতিটা হলো কোত্থেকে। আমি তো তাদের কাছে এভিডেন্স চেয়েছি কিন্তু তারা তো দিতে পারেনি। একটা কাগজও দিতে পারেনি। তাহলে তাদের এই অপবাদ আমরা নেবো কেন?’
তিনি বলেন, ‘আমি বলেছি পদ্মা সেতু করব না। যেদিন নিজের টাকায় করতে পারবো সেদিন করবো। কিন্তু আমার দেশকে অপমান করে টাকা নিয়ে করতে হবে! আমাকে ভয় দেখানো হয়েছে যদি এটা না হয় আপনার ইলেকশনের কী হবে। আমার কথা জনগণ ভোট দেবে না। ক্ষমতায় আসবো না। ২০০১ সালে তো আমাকে আসতে দেয়া হয়নি।’
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আবুল হাসনাত আবদুল্লাহ, ফারুক খান, শাজাহান খান, আফম রুহুল হক, আ স ম ফিরোজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আবদুস সোবহান মিয়া (গোলাপ), কাজী নাবিল আহমেদ, সাগুফতা ইয়াসমিন এমিলি, ধীরেন্দ্রনাথ শম্ভ, ইউসুফ আবদুল্লাহ হারুন, মৃণাল কান্তি দাস, শেখ তন্ময়, নারায়ণ চন্দ্র চন্দ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, ইকবাল হোসেন অপু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, জাপার ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জাপার সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, ফখরুল ইমাম প্রমূখ।




















