‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন (সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. মোবারক হোসেন।

ওইসময় তিনি উচ্চ রক্তচাপ প্রতিরোধযোগ্য বিষয়ে আলোকপাত করে বলেন, মানসিক প্রশান্তি, উচ্চ রক্তচাপের নিয়মিত ওষুধ সেবন ইত্যাদি বিষয়গুলো উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অতিরিক্ত লবণ পরিহার, ধূমপান, মদ্যপান পরিহার, ওজন নিয়ন্ত্রণে রাখা, চর্বি জাতীয় খাবার পরিহার, পান,জর্দা, সুপারি পরিহারসহ নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, ডা. রওশন রাকা শম্পা প্রমুখ।

পরে এক র্যালি সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে।




