শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ৩ দিনের মাথায় নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এতে নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।

১০ মে মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এর আগে গত ৮ মে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রকাশ দত্ত এর আগে টানা তিনবার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।




