ঈদুল ফিতরের দিন জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া আর কিছু সঙ্গে আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টি হলে সঙ্গে ছাতা আনা যাবে। প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে। ১ মে রবিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ওইসব কথা বলেন তিনি ।

জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বা পরশু অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ২ বছর জাতীয় ঈদগাহে নামাজ না হলেও ভাইরাসটির প্রকোপ কমায় এবার জামাতের আয়োজন করা হয়েছে দেশের প্রধান ঈদগাহে। ইতোমধ্যে নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিককের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঈদ জামাত ঘিরে কোনো ধরনের হুমকির তথ্য নেই। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সোয়াট, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকছে। তল্লাশি করতে সময় লাগায় মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।




















