শেরপুরের শ্রীবরদীতে ৯৮ বোতল ফেনসিডিলসহ মো. নয়ন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ১৮ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের মেঘাদল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নয়ন উপজেলার চান্দাপাড়া এলাকার মো. নয়ন মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেল পৌণে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের মেঘাদল চৌরাস্তা এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ৯৮ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোনসহ নয়ন মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪৭ হাজার টাকা।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় নয়নের বিরুদ্ধে শ্রীবরদী থানায় র্যাবের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




