দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে শিক্ষাবিদ ও বিশিষ্টজনের সঙ্গে সংলাপের পর এবার বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ এপ্রিল বুধবার দুপুরে আগের ২ ধাপের মতো তৃতীয় ধাপের সংলাপও আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেন। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়। এ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক করতে বিএনপিকেও জাতীয় নির্বাচনে আনার প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব দেন তারা। সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, আমরা সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করব, সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের ত্রুটি থাকবে না।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সাংবিধানিকভাবে আইন ও আইনের বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে চেষ্টার কোন ত্রুটি থাকবে না। অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। তবে আমরা কেউই অসীম নই।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা করতে হবে। তবে আইন ও সংবিধানের অধীনে থেকেই কাজ করবে নির্বাচন কমিশন। আমরা সংলাপ অংশীজনদের সঙ্গে সংলাপ করছি, সংলাপের ফল লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। পরবর্তীতে তা পর্যালোচনা করা হবে।

সিইসি বলেন, আমরা মাত্রই নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের পর এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি। এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। আমরা ইন্টারনালি তাদের মতামতগুলো বোঝার ও জানার চেষ্টা করব। সংলাপে কোন্ কোন্ বিষয়ে জোর দেয়া হয়েছে, আমরা সেগুলা চিহ্নিত করব। মূল বিষয়গুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে আমরা কাজে এগিয়ে যেতে পারব। এ চেষ্টাই আমরা করে যাচ্ছি।
সিইসি বলেন, অনেকে মনে করছেন অংশীজনদের সঙ্গে সংলাপ দ্রুত হচ্ছে কিনা? আসলে সংলাপের পর আমাদের নিজেদের মধ্যে অনেক আলাপ-আলোচনার প্রয়োজন আছে। আজ এটা অনেকেই স্বীকার করেছেন। তাছাড়া সংলাপে অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। তবে এখনও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার বিষয়ে কিছু বলার পরিস্থিতি হয়নি। আমরা আরও শুনব এবং সবসময়ই আশাবাদী। আমাদের প্রয়াসের কোন ত্রুটি থাকবে না। মানুষের সাধ্য, প্রচেষ্টা সৌহার্দ্য থাকতে পারে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচনের যে সমস্যাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে যা আমরা শুনেছি। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে সে বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করব বলে শপথ নিয়েছি।
রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে পারবেন বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এখনও মনে হওয়ার মতো পর্যায়ে যাইনি। কিন্তু আমরা আশাবাদী সব সময়। প্রয়াসের কোন ত্রুটি থাকবে না। মানুষের যে সাধ্য, মানুষের যে প্রচেষ্টা সেখানে সীমাবদ্ধতা থাকতে পারে। অসীম আমরা কেউ নই। কিন্তু আমরা আমাদের সব শক্তি দিয়ে, সব প্রয়াস দিয়ে চেষ্টা করব, একটা সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য।
অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে সাহসী ভূমিকা পালন করতে হবে। তবে ইসির সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধান অনুসারে নির্বাচনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করার প্রয়োজন নির্বাচন কমিশনকে তাই করতে হবে।
সংলাপে অংশ নিয়ে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেন। তিনি বলেন, জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচন একদিনে না করে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিভাগভিত্তিক করা যায়। এক বিভাগে যেদিন নির্বাচন হবে অন্য বিভাগগুলোতে সেদিন হবে না। একেকদিন একেকটা বিভাগে নির্বাচন করলে নির্বাচনের পুরো পরিস্থিতি পাল্টে যাবে। তাই বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যায় কি না, দেখবেন তাহলে কোন্ বিভাগে কোন্ দল কত ভোট পায়, তাও দেখা যাবে। তিনি বলেন, ৩০ শতাংশ ভোটার যদি ভোট দিতে যান, তাহলে একজন এত ভোট পান কি করে? এগুলো অভিজ্ঞতা থেকে বলছি। গত নির্বাচনে কে কত ভোট পেয়েছেন এগুলো নিয়ে গবেষণা করা যায়। তিনি বলেন, কেন বিএনপি নির্বাচনে আসবে না, ওরা মনে করে নির্বাচনে এলেও ভোট পাবে না। ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি না শতভাগ ন্যায্য ভোট করার উদ্যোগ নেবেন। এতে ৫০ শতাংশ সাফল্য পেলে আপনাদের স্যালুট জানাব।
তাসমিমা হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে খুনাখুনী হবে। তাই, এ ব্যাপারে আগেই সুষ্ঠু পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, এসপি, ডিসিকে বললে এখন আর কোন কাজ হয় না। প্রতিটি ক্ষেত্রে লিডারশিপের অভাব, আমরা যাচ্ছি কোথায়। আমরা এখন উপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, আপানারা ভাল একটা কাজ করতে এসেছেন। কিন্তু লোকাল ইলেকশন থেকে সব জায়গায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। এ অবস্থার অবসান হতে হবে। সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলে তাসমিমা হোসেন বলেন, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় সীমানা পরিবর্তন হয় হঠাৎ করে। আমাদের এলাকায়ও তিনবার হয়েছে।
শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হয় নতুন নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপ। ১৩ মার্চ প্রথম দিনের সংলাপে আমন্ত্রিত ৩০জন শিক্ষাবিদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ জন। আর ২২ মার্চ দ্বিতীয় ধাপের সংলাপে আমন্ত্রিত ৪০ বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ জন। আর বুধবারের সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ২৩ জন। প্রতিটি সংলাপেই সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতাবলে নতুন নির্বাচন কমিশন গঠনে ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। নিজেদের মধ্যে ৭টি বৈঠক ও দেশের বিশিষ্টজনদের সঙ্গে ৪টি বৈঠকের পর সার্চ কমিটি ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করে সার্চ কমিটি। ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সেখান থেকে ৫ জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন নিয়োগ করেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করা হয় সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। আর ৪ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মোঃ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমানকে। ২৭ ফেব্রুয়ারি নতুন ইসি প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করে। এই ইসি নির্বাচন ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করে ২৮ ফেব্রুয়ারি।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বুধবার বেলা সোয়া ১১টা থেকে সংলাপ শুরু হয়ে চলে প্রায় আড়াইঘণ্টাব্যাপী। বৈঠকে অংশ নেয়া ২৩ সিনিয়র সাংবাদিক হলেন- অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, আজকের পত্রিকা সম্পাদক ড. মোঃ গোলাম রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক, নিউএজ সম্পাদক নূরুল কবীর, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হক ও সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ডেইলি অবজারভার অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, অজয় দাস গুপ্ত, বিভু রঞ্জন সরকার ও মাহবুব কামাল।




















