সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা কর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে দলটির নেতাদের এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে দলটির নেতারা আবোলতাবোল বকছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতা কর্মীরা একদিকে সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবে, বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে, আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থকেরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে কোন বাধাগ্রস্ত করেনি। শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয়েছে নিজ দলের অনেক নেতা।’
আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোন অপরাধীকে গ্রেপ্তার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।’
ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোনো দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না। দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। দুধ কলা দিয়ে সাপ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না। তাহলে কি বিএনপি নিজ দলের অপরাধীদের পুষতে চান?’ কাদের বলেন, আমাদের সকলেরই মনে রাখা উচিত ‘দুধ কলা দিয়ে সাপ’ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।




















