রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে ‘পিক আওয়ারে’ দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। ৩০ মার্চ বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাময়িক ওই অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
জানা যায়, এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হত। গত ১ মার্চ থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরও এক ঘণ্টা বাড়ল। পাশাপাশি ওই সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে এবং সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।




















