সয়াবিনের দাম নিয়ন্ত্রণে রাখতে আজ (১৪ মার্চ) মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিটের আদেশ দেওয়া হবে । বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেবেন। এর আগে গতকাল রবিবার ওই বিষয়টি নির্ধারণ করা হয়।

গতকাল শুনানিতে এক পর্যায়ে আদালত রিটকারীদের বলেন, আমরা এমন একটি আদেশ দিতে চাই যেটি সারাদেশের সব মানুষের কাজে আসে। আপনি ভ্রাম্যমাণ আদালতের আইনটিও ভালো করে দেখে আসুন। আমরা এমন রুল দিতে চাই যাতে করে দেশের সব মানুষের উপকারে আসে। ভোক্তা অধিকার আইন একটি দুর্বল আইন বলেও মন্তব্য করেন আদালত।
গত ৩ মার্চ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মুহিদুল কবির। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন।

গত ৬ মার্চ ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। পরদিন ৭ মার্চ সোমবার শুনানির শুরুতেই আদালত রিট আবেদনের বিভিন্ন সংশোধনের কথা বলেন। পয়েন্ট ধরে ধরে আইনজীবীকে সংশোধনের কথা বলেন আদালত। মনিটরিং সেল গঠনের নীতিমালা নিয়েও কথা বলেন আদালত।
রিটকারীদের পক্ষে সেদিন মুহিদুল কবির আদালতকে বলেন, একটু তাড়াহুড়ো করায় আবেদনে ভুলত্রুটি হয়ে গেছে। পরে আদালত এ বিষয়ে সংশোধন করে পরদিন মঙ্গলবার আসতে বলেন। ৮ মার্চ রিট আবেদনটি শুনানির জন্য ১৩ মার্চ দিন ধার্য করা হয়। রবিবার দুপুরের দিকে শুনানির জন্য আবেদনটি তালিকায় আসে। এর আগে একটি সম্পূরক আবেদন দেন রিটকারী আইনজীবী মনির হোসেন।




















