যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান বলেছেন, যুবকদের আত্মনির্ভরশীল করতে পারলে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। যুব শক্তিতে আমাদের কাজে লাগাতে হবে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করতে হবে।

তিনি ১২ মার্চ শনিবার সকালে শেরপুরের নকলায় টালকী ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ মাস মেয়াদি মৎস্য চাষ ও ৭ দিন মেয়াদি গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজাহারুল ইসলাম বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার যুবকদের বেকারত্ব দূর করতে সবকিছুই করছে। তারা যাতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে সেজন্য সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সহজ শর্তে ঋণ দিচ্ছে।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রশিক্ষণ নিয়ে, ঋণ নিয়ে ঘরে বসে থেকে সে টাকা নষ্ট করবেন না। নিজের ভবিষ্যতের কথা ভেবে, পরিবারের কথা ভেবে তা কাজে ইনভেস্ট করুন। দেখবেন সফলতা একদিন আপনার হাতের মুঠোয় চলে আসবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পে ৫৬ জন প্রশিক্ষিত যুবকের মধ্যে ১০ লক্ষ ২০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।




